নিখোঁজ জায়ানকে নিয়ে উদ্বিগ্ন পরিবার
দুই দিন পর খাল থেকে স্কুল ব্যাগ, বই ও ড্রেস উদ্ধার

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>নিখোঁজ জায়ানকে নিয়ে উদ্বিগ্ন পরিবার</span> <br/> দুই দিন পর খাল থেকে স্কুল ব্যাগ, বই ও ড্রেস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
সিলেটের জকিগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্র জায়ান আরাফাতের কোনো সন্ধান এখনো মেলেনি। তবে নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার একটি খাল থেকে তার স্কুল ব্যাগ, বই ও ড্রেস উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে রহস্যর সৃষ্টি হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখাঁরচক গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে জায়ান আরাফাত (১৩) গত মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়-এর ষষ্ঠ শ্রেণির ছাত্র। কিন্তু প্রতিদিনের মতো সেদিন আর স্কুল শেষে বাড়ি ফেরেনি সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না মেলায় নিখোঁজের ঘটনায় বাবা জসিম উদ্দিন জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জকিগঞ্জ-সিলেট সড়কের ছবড়িয়া এলাকার একটি খালে একটি স্কুল ব্যাগ ভাসতে দেখে সন্দেহ করেন। পরে ব্যাগটি উদ্ধার করে ভেতরে থাকা বই ও স্কুল ড্রেস দেখে বিষয়টি জানানো হয় পরিবারের সদস্যদের। ঘটনাস্থলে গিয়ে তারা নিশ্চিত করেন, এটি নিখোঁজ জায়ান আরাফাতের ব্যাগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ, বই ও ড্রেস উদ্ধার করে।
নিখোঁজের বিষয়ে জায়ানের চাচা ও সাবেক ইউপি সদস্য ফাহিম আহমেদ জানান, বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন, জায়ান প্রতিদিন যে পথে স্কুলে যাতায়াত করত, ঘটনার দিন মঙ্গলবার সে সেই পথে যায়নি। বরং তাকে ভরন এলাকা হয়ে সাজ্জাদ মজুমদার স্কুল সংলগ্ন এলাকায় ওই স্কুলের শিক্ষার্থীরা দেখেছেন বলে জানা গেছে। তবে সে তখন একাই ছিল, সঙ্গে কেউ ছিলো না। এছাড়া ওইদিন জায়ান তার স্কুলেও উপস্থিত ছিল না বলে জানা গেছে।
তিনি আরও জানান, আশপাশের উপজেলা জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে এবং আত্মীয়স্বজনদের মাধ্যমে খোঁজ চালানো হচ্ছে, কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে জকিগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক অরূপ সাগর গুপ্ত কমল জানান, স্থানীয়দের মাধ্যমে একটি খাল থেকে জায়ানের স্কুল ব্যাগ, বই ও ড্রেস উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, জায়ান আরাফাত মোবাইল ফোন ব্যবহার করত না, তাই তথ্যপ্রযুক্তির সহায়তায় তেমন কোনো অগ্রগতি পাওয়া যাচ্ছে না। এটি স্কুল ফাঁকি দেওয়ার ঘটনা, নাকি অন্য কিছুÑসব দিক বিবেচনায় তদন্ত চলছে। তিনি বলেন, জায়ান গত বছরে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে ফেল করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর