সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ও সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই-মদনপুর সড়কে এসব দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনÑ তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫), তার দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭), এবং ভাতিজি জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহত তিনজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিনে দিরাই-মদনপুর সড়কের নারায়নপুর এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বলেন, ‘ছাতকের জালালপুর এলাকার দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়েছে। একইদিন দিরাই-মদনপুর সড়কের নারায়নপুর এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর