জুয়াড়িদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৭

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

জুয়াড়িদের হামলায় চার পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৭

সুনামগঞ্জ প্রতিনিধি
মাদকবিরোধী অভিযানে গিয়ে জুয়াড়িদের হামলার শিকার হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর থানার সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্য। হামলায় জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৩ মে) রাতে তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেফতার ৭ জন ও একই গ্রামের আব্দুল বারিককে পলাতক আসামি দেখিয়ে উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই মিরান হোসেন মোল্লা, কনস্টেবল বদরুল হোসেন, মিঠু মিয়া, ভৈরব দাশ। আহতদের রাতেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উজান তাহিরপুর গ্রামের নুর আমিন, একই গ্রামের সাকিবুল হাসান, আলমগীর মিয়া, লিটন মিয়া, ওলি হোসেন, আশরাফুল, শাফুল আলম ও ইমরান।
ওসি জানান, বুধবার রাতে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামে মাদক-জুয়া বিরোধী অভিযানে যান। গ্রামের আশরাফুল নামের এক দোকানির কক্ষে জুয়ার আসর থেকে জুয়ার উপকরণ, নগদ টাকা জব্দ ও কয়েকজনকে গ্রেফতার করেন। তাদের থানায় নিয়ে আসার পথে রাত সাড়ে ৮টার দিকে গ্রামের ও দোকানে থাকা ২০ থেকে ২৫ জন সংঘবদ্ধ হয়ে অভিযানে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করা হয় এবং গ্রেফতার ৭ জনকে থানায় নিয়ে আসা হয়।
সুনামগঞ্জ পুলিশ সুপার এবিএম জাকির হোসেন (পিপিএম) বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর