সুনামগঞ্জে গণধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: 8:49 PM, May 19, 2026

সুনামগঞ্জে গণধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে ২১ বছরের এক অবিবাহিত নারীকে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একজনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ছাতক উপজেলার হাসামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মতিউর রহমান মতিন, একই গ্রামের মো. খোয়াজ আলীর ছেলে দিলদার হোসেন। একই উপজেলার কামারগাও গ্রামের হাবিবুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় উপজেলার কামারগাও গ্রামের ইস্কান্দর আলীর ছেলে মো. আব্দুস সুবহানকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, নির্যাতিতা নারী ২০১৭ সালে ছাতক উপজেলার হায়দরপুর উচ্চ বিদ্যালয় হইতে এসএসসি পরীক্ষা পাস করে। এরপর হতে বাড়ীতেই থাকেন এই নারী। ২০২১ সালের ১১ আগষ্ট সাড়ে ছয়টায় বাড়ি হতে বের হয়ে পাশের নানার বাড়ি জিয়াপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ওই পথ থেকেই কৌশলে সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামে নিয়ে মতিন ও দিলদার হোসেন জোরপূর্বক ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। ওখান থেকে পাশের কামারগাঁও গ্রামের আসামি বিল্লাল হোসেন এর বাড়ির রান্না ঘরে নিয়ে আরেক দফা ওই গ্রামের বিল্লাল হোসেন ও কামরান হোসেন কর্তৃক পালাক্রমে ধর্ষণের শিকার হন এই নারী।
এই ঘটনায় নির্যাতিতার বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ শুনানী শেষে সোমবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন।
আদালতের প্রসিকিউটর অ্যাড. মো. শামসুর রহমান গণধর্ষণের ঘটনায় তিন আসামির যাবজ্জীবন দণ্ড হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর