বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আবারও ঘটেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমানা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান , সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক চালক দ্রুত বাস নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের একজনের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করতে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়কে কাজ শুরু করেন।
ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায় নি।
উল্লেখ্য, এই মহাসড়কে দুর্ঘটনা যেন থামছেই না। গত ১৫ এপ্রিল পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন দুইজন। এছাড়া সোমবার পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় আরেক দুর্ঘটনায় প্রাণ হারান একজন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও ঝরল প্রাণ।
স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর