ঢাকা ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব ইব্রাহীমপুর গ্রামবাসী মাদক ও সামাজিক অনাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার বাদ জুম্মা পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখের নেতৃত্বে ওসি (অপারেশন) মোস্তফা কামাল, এসআই রিফাত শিকদার ও এসআই জহির হোসেন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ। এর আগে গ্রামবাসী মাদক প্রতিরোধ ও সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
বক্তারা বলেন, দিন-রাত গ্রামের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে গেছে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালিত হচ্ছে। এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ না করা গেলে সমাজ আরও ধ্বংসের দিকে যাবে। সমাজকে রক্ষা করতে গ্রামবাসী এ উদ্যোগ গ্রহণ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে ওসি রতন শেখ বলেন, পুলিশ ও জনতার সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব। এ জন্য সচেতন মানুষকে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে গোপনে তথ্য দিতে হবে। তিনি সন্ধ্যার পর দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানান এবং শিশু-কিশোরদের দোকানে বসানো থেকে বিরত থাকার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তাহলেই গ্রামকে মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।
সভায় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সালিশ ব্যক্তিত্ব, চাকুরিজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host