অবহেলিত সড়ক যোগাযোগ ব্যবস্থা
ভাঙাচোরা ও কাঁচা রাস্তায় চরম দুর্ভোগে মানুষ

প্রকাশিত: 6:20 PM, May 23, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>অবহেলিত সড়ক যোগাযোগ ব্যবস্থা</span> <br/> ভাঙাচোরা ও কাঁচা রাস্তায় চরম দুর্ভোগে মানুষ

ইসমাইল হোসাইন, দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর এলাকায় দীর্ঘদিন ধরেই অবহেলিত রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এলাকাজুড়ে ভাঙাচোরা ও কাঁচা রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শরীফপুর এলাকার অধিকাংশ রাস্তা এখনো কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না।অটোরিকশা ও অন্যান্য যানবাহন রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকায় প্রবেশ করতে চায় না বলেও অভিযোগ রয়েছে।
একজন কলেজ শিক্ষার্থী জানান, রাস্তার খারাপ অবস্থার কারণে অটোগাড়ি আসে না। বাধ্য হয়ে অনেক দূর হেঁটে কলেজে যেতে হয়। এতে মাঝেমধ্যে ক্লাস মিস হয়, পরীক্ষার সময়ও ঝুঁকিতে পড়তে হয়।
স্থানীয় পথচারী সুরুজ জামান বলেন, ডেলিভারি রোগী নিয়ে চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হয়। শরীফপুর এলাকার শেষ প্রান্তে রায়নগর যাওয়ার কাঁচা রাস্তাটি আজ পর্যন্ত পাকা করা হয়নি। বৃষ্টির দিনে এই রাস্তায় হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও ছাত্রদল নেতা রকি আহমেদ বলেন, শরীফপুর এলাকার মেইন রাস্তা এখনো কাঁচা। আমরা কবে এসব বৈষম্য থেকে মুক্তি পাবো? অতি দ্রুত এই রাস্তা পাকা করা দরকার। দীর্ঘদিন ধরে এই মহল্লার মানুষ কাঁচা রাস্তা দিয়ে কষ্ট করে চলাচল করছে। বর্তমানে রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত মেরামত ও পাকাকরণের দাবি জানাই।
এলাকাবাসীর দাবি, দ্রুত শরীফপুর এলাকার প্রধান সড়কসহ বিভিন্ন কাঁচা রাস্তা সংস্কার ও পাকাকরণের উদ্যোগ গ্রহণ করা হোক। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর