ঢাকা ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬
তৌফিকুর রহমান তাহের
বিশেষ প্রতিনিধি,সুনামগঞ্জ::
দিরাই উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইটভাটার ম্যানেজার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে দিরাই—মদনপুর সড়কের পৌরসভার সুজানগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে ও দিরাই উপজেলার শরীফপুর গ্রামের কে.ভি অটোব্রিক্স ইটভাটার ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি ইটভাটার মালিক মরহুম রেজু মিয়ার ভগ্নিপতি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আনোয়ার হোসেন ও ট্রাকচালক খালেক মিয়া কে.ভি অটোব্রিক্স থেকে ট্রাকে করে ইট নিয়ে দিরাই সদরে যান। ইট খালাস শেষে ভাটায় ফেরার পথে সুজানগর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে দ্রুতগতির ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে
সজোরে ধাক্কা খায়।
ধাক্কার তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে—মুচড়ে যায়, এতে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক খালেক মিয়া ট্রাকটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যান।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।সংবাদ সংগ্রহ
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host