ঢাকা ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬
তৌফিকুর রহমান তাহের
বিশেষ প্রতিনিধি,সুনামগঞ্জ::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামের বাসিন্দা কাছম আলীর তিনটি গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ইছাকপুর গ্রামের মুসাহিদ মিয়ার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী কাছম আলী বাদী হয়ে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুন দুপুর প্রায় ১২টার সময় মনুয়া গ্রামের পশ্চিম পাশের দেওয়ালের কান্দা এলাকায় চড়ে থাকা তিনটি গরু দেশীয় অস্ত্রসহ কয়েকজন সহযোগী নিয়ে মুশাহিদ মিয়া নৌকাযোগে তুলে নিয়ে যান।
এ সময় এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ভয়ভীতি ও হুমকি দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মনুয়া গ্রামের মোঃ শামছু মিয়া, আব্দুল করিম, মো. রাসেল মিয়া, মো. বিলশ মিয়া ও মো.মোহন মিয়া জানান, আমাদের চোখের সামনে দিয়ে ৪-৫ জন ব্যক্তি মাঠ থেকে গরুগুলো তুলে নৌকায় নিয়ে যায়। আমরা বিষয়টি জানতে চাইলে তারা আমাদের হুমকি দেয়। অন্যের ঝামেলায় জড়াতে না চাওয়ায় আমরা আর কিছু বলিনি।
এ বিষয়ে অভিযুক্ত মুসাহিদ মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ভাই মুজাহিদ মিয়া ফোন রিসিভ করেন।
তিনি দাবি করেন, কিছুদিন আগে আমাদের গ্রামে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই হত্যাকাণ্ডে অভিযুক্তদের গরু আমার মামার বাড়িতে ছিল। তাই আমরা গরুগুলো নিয়ে এসেছি।
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ঘটনার তদন্তের দায়িত্বে থাকা এসআই শওকত আলী বিষয়টি দেখছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host