ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব আলীর ছেলে এবং পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। আমির আলী স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত ১৫ জুন (সোমবার) বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামে একটি কালভার্টের ওপর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমির আলী তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে আছিয়া বেগমের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় আছিয়া বেগমকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তার বড় ভাবি রাহেলা বেগমের সহায়তায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকেলে তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এবং পরকীয়া সংক্রান্ত বিরোধও এর পেছনে ভূমিকা রাখতে পারে।

ঘটনার পর পুলিশ ও র‌্যাব-৯-এর যৌথ অভিযানে ওই রাতেই সিলেট মহানগর এলাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন খাদিমনগর ইউনিয়নের ধোপগুল এলাকা থেকে আমির আলীকে আটক করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ হত্যার ঘটনায় পরকীয়াজনিত বিরোধের আভাস পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর