ঢাকা ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে প্রবীণ সাংবাদিক এএফএম ফারুক চাঁন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) মরহুমের পরিবারের উদ্যোগে তাঁর নিজ বাসভবনে ঈসালে সাওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের পুত্র সুহেল তালুকদার। তিনি তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
জানা যায়, ২০১৮ সালের ১৯ জুন চিকিৎসাধীন অবস্থায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এএফএম ফারুক চাঁন মিয়া ইন্তেকাল করেন। তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের তালুকপাড়া গ্রামের মরহুম আকল মিয়ার পুত্র ছিলেন।
মৃত্যুকালে তিনি জাতীয় দৈনিক ইনকিলাবের ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি দৈনিক বাংলাবাজারসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।
সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার, দুর্নীতি, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরেছিলেন এ প্রবীণ সাংবাদিক। তাঁর বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন তাঁকে মানুষের কাছে একজন নির্ভীক কলমসৈনিক হিসেবে পরিচিতি এনে দেয়।
সাংবাদিকতা অঙ্গনে তাঁর অবদান ও স্মৃতি আজও ছাতকের গণমাধ্যমকর্মী ও সচেতন মহলের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host