ঢাকা |
প্রকাশিত: 12:27 AM, July 4, 2026
তৌফিকুর রহমান তাহের
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।
যেভাবে ছড়াল গুজব
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১ জুলাই) ‘দিরাই JNR’ নামের একটি ফেসবুক পেজ থেকে সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন বলে একটি পোস্ট দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়।
সুস্থ আছেন এমপি, ক্ষুব্ধ রাজনৈতিক মহল
এমপির মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা দাবি করে শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল বলেন,সংসদ সদস্য সম্পূর্ণ সুস্থ আছেন। গতকালও তিনি সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন এবং নিয়মিত এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি মহল এই অপপ্রচার চালাচ্ছে।
একইভাবে তীব্র নিন্দা জানিয়ে শাল্লা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ এবং দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান জানান, এমপি আগের চেয়ে অনেক ভালো ও সুস্থ আছেন। একটি কুচক্রী মহল সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতে এই জঘন্য সাইবার অপরাধের আশ্রয় নিয়েছে। নেতারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, বিভ্রান্তি ছড়ানো কয়েকটি ভুয়া ফেসবুক আইডির বিষয়ে পুলিশ ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host