ঢাকা |
প্রকাশিত: 12:38 AM, July 4, 2026
তৌফিকুর রহমান তাহের,
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি এবং বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মো. সবুজ আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টায় বড়ছড়া ডিপো এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক পেজে সাবেক চেয়ারম্যান সবুজ আলমের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। একই সাথে তারা সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীদেরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করছে।
বক্তারা আরও জানান, এই চক্রটি নিজেরা ইজারাবিহীন শান্তিপুর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আমতৈল, পুরানঘাট ব্রিজের নিচ ও একতা বাজার হয়ে গাজীপুরের কাস্তাল, কামারকান্দি, আমবাড়িসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সবুজ আলমের নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই চক্রান্ত করা হচ্ছে। গাজীপুরের এক ব্যবসায়ীর বালুভর্তি নৌকার ছবির সাথে চেয়ারম্যান সবুজ আলমের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা দাবি করেন। বর্তমানে হলহলিয়া গ্রামের নদী তীরবর্তী বিভিন্ন স্থানে শান্তিপুরের এই অবৈধ বালু স্তূপ করে রাখা হয়েছে।
বক্তারা অবিলম্বে এই অবৈধ বালু জব্দ করার জন্য সহকারী কমিশনারের (ভূমি) হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই কুচক্রী মহলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজ মিয়া, নেকবর মিয়া, নবাব মিয়া, আব্দুল কদ্দুস, মোকলেছ মিয়া, মিলন মিয়া, আজম মিয়া ও নান্দু মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— শ্রমিক নেতা ইব্রাহিম মিয়া, নুরু মিয়া, এনামুল হক, আলমগীর, শুক্রর আলী, জীবন আহমেদ, রফিকুল ইসলাম, রাজু মিয়া, রয়েল মিয়া, রতন মিয়া ও আরিফুল মিয়া প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host