বিশ্বম্ভরপুরে টং দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: 10:11 PM, July 6, 2026

বিশ্বম্ভরপুরে টং দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— অনন্তপুর গ্রামের মৃত আলী মাহমুদের ছেলে নুরুল আমীন (৬০), তাঁর সহধর্মিণী ফাতেমা বেগম (৫০) এবং তাঁদের ছেলে ফরহাদ শাহ (৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার বিকেলে অনন্তপুর গ্রামে নিজেদের একটি টং দোকানে কাজ করছিলেন পরিবারের সদস্যরা। এ সময় ঘরের ভেতরে থাকা একটি খোলা বিদ্যুতের তারে অসাবধানতাবশত হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন একজন। তাঁকে বাঁচাতে গিয়ে একে একে পরিবারের অন্য দুই সদস্যও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
টং দোকানের ভেতরেই তিনজন সংজ্ঞাহীন হয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনজনকে মৃত ঘোষণা করেন। একসাথে একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর