ছাতকে নাঈম আহমদসহ ৬ জনের বিরুদ্ধে চুরি,মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

প্রকাশিত: 9:46 PM, July 13, 2026

ছাতকে নাঈম আহমদসহ ৬ জনের বিরুদ্ধে চুরি,মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের খারগাঁও গ্রামে বসতঘরে চুরি, হামলা, মারধর, শ্লীলতাহানি ও ভাঙচুরের অভিযোগে ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের আছির আলীর ছেলে নাঈম আহমদকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, খারগাঁও গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বাদী হয়ে গত ৮ জুলাই ছাতক থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ৭ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাদীর বসতঘরে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় বাদী ও তার পরিবারের সদস্যদের মারধর করে আহত করা হয়। এক নারী সদস্যকে শ্লীলতাহানির পাশাপাশি ঘর থেকে নগদ টাকা ও মালামাল চুরির অভিযোগও করা হয়েছে। এছাড়া ঘরবাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ১ লাখ টাকা এবং ভাঙচুরে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে নাঈম আহমদ, জামিল আহমদ, সোহান আহমদ, চান মিয়া, জাহেদ ও সুহেল আহমদকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩৫৪, ৩৮০, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর