ঢাকা |
প্রকাশিত: 11:12 PM, July 28, 2026
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় চেলা নদীর শাখা (চৈলতার ঢালা) নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে ছাতক থানায় এই মামলাটি দায়ের করেন।
জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর ও পাড়াপুঞ্জি মৌজার অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ডের রহমতপুর আলমপুর, কাজীরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাসপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা চেলা নদীর শাখা (চৈলতার ঢালা) নামক স্থান থেকে নদীর পাড় কেটে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও ছাড়পত্র ব্যতিরেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি নজরে আসে।
পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক কর্তৃক সরেজমিন পরিদর্শন করা হলে এলাকার বাসিন্দাদের অভিযোগের সত্যতা ও বালু উত্তোলনের প্রমাণ মেলে।
মামলার প্রধান আসামিরা হলেন ইসলাম উদ্দিন মেম্বার (৪২), জমির আলী (৩৮) উভয় পিতা- ছালিম উল্লাহ, রহমতপুর, ইসলামপুর ইউপি, ছাতক, সুনামগঞ্জ; খালিক মিয়া (৪০), পিতা- সামাদ, আলমপুর; মাহমদ হোসেন (৫০), পিতা- আতিকুর রহমান, আলমপুর; ধন মিয়া মেম্বার (৫৬), পিতা- জহির আলী, সোনাসপুর, নরসিংপুর, দোয়ারাবাজার, সুনামগঞ্জসহ মোট ২৬ জন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৬ জুলাই ২০২৬ তারিখ থেকে ১৬ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন রাত ৮.০০ ঘটিকার পর থেকে সকাল পর্যন্ত নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(৬), ১২ এবং একই আইনের ১৫(১) ধারার টেবিল ক্রমিক নং-৮ ও ১২ অনুযায়ী এই অপরাধ সংঘটিত হয়েছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক জানান, পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতিসাধনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা এ বিষয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করবেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host