শাল্লা কল্যাণ সমিতির সভাপতি এড. মামুন, সাধারণ সম্পাদক অশেষ দাস

প্রকাশিত: 11:49 AM, August 4, 2026

শাল্লা কল্যাণ সমিতির সভাপতি এড. মামুন, সাধারণ সম্পাদক অশেষ দাস

তৌফিকুর রহমান তাহের
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ::

যে অপরের কল্যাণ করে, সে সবার আগে নিজের কল্যাণই করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র দ্বিবার্ষিক সম্মেলন।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মামুন অর রশিদ-কে সভাপতি এবং অশেষ দাস-কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সমিতির সভাপতি মো. সুলেমান মিয়ার সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশের সঞ্চালনায় সম্মেলনে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাগীব রাবেয়া কলেজের সহকারী অধ্যাপক নূরুল আমিন এবং শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রঞ্জিত চক্রবর্তী।
বক্তারা বলেন, নিজ অঞ্চলের বাইরে থেকে শাল্লাবাসীর ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক উন্নয়নে এই সমিতি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে এই জনকল্যাণমূলক কাজ আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন—রানা রঞ্জন চৌধুরী, চিন্তা হরণ চৌধুরী, সুমিত কান্তি সিংহ, সজল কান্তি দাস, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পল্লব বোম দাস, নুরুল আমিন ও যোগেন্দ্র সমাজপতি।
আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক অশেষ দাস শাল্লা কল্যাণ সমিতিকে আরও সুসংগঠিত করা এবং এলাকার মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর