ঢাকা |
প্রকাশিত: 9:42 PM, August 13, 2026
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ অসদাচরণ ও না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার (পলায়ন) অভিযোগে ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসকে (বিপি ৮৪১২১৪৭৭২৩) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।
রাজন কুমার দাস ২০২৪ সালের জুলাইয়ে সুনামগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সে সময় জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে বলপ্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আন্দোলন চলাকালীন সুনামগঞ্জ শহরে সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের ওপর পুলিশের বলপ্রয়োগ, লাঠিচার্জ এবং শর্টগানের গুলি চালানোর ঘটনায় মাঠ পর্যায়ে তিনি অন্যতম নেতৃত্বদানকারী কর্মকর্তা হিসেবে যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজন কুমার দাস ২০২৪ সালের ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনের নৈমিত্তিক ছুটিতে ছিলেন। ছুটি শেষে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পূর্বাহ্ণে কর্মস্থলে যোগদানের নির্দেশনা থাকলেও তিনি উপস্থিত না হয়ে অতিবাস করেন। পরবর্তীতে একাধিক নোটিশ জারি করা সত্ত্বেও তিনি কর্মস্থলে যোগ দেন নি কিংবা নিজের অবস্থানের বিষয়ে কর্তৃপক্ষকে কিছু অবহিত করেন নি। অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী বিভাগীয় মামলা (মামলা নং ১৫৫/২০২৫) রজু করে।
পরবর্তীতে তদন্তে তাঁর বিরুদ্ধে আনীত ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ প্রমাণিত হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি কোনো জবাব প্রদান করেন নি। তদন্ত প্রতিবেদন ও সামগ্রিক বিষয় পর্যালোচনা করে তাঁকে ‘চাকুরী হইতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)-এর পরামর্শ এবং মহামান্য রাষ্ট্রপতির সানুগৃহ অনুমোদনের পর এই বরখাস্তের চূড়ান্ত আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর এই বরখাস্তের আদেশ ৩০ ডিসেম্বর ২০২৪ (অনুমোদিত ছুটির শেষ দিন) তারিখ থেকে কার্যকর হবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ২৫ আগস্ট পুলিশ হেডকোয়ার্টার সুনামগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস কে বদলির আদেশ জারি করেন। এর আগে ২০২৪ সালের ২ আগস্ট সারাদেশে ছাত্র আন্দোলনে হামলা-হত্যার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের সমর্থনে সুনামগঞ্জে জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বিক্ষোভ ও সংহতি সমাবেশ পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। ওই দিন বেলা আড়াইটার দিকে সুনামগঞ্জ শহরের মদনিয়া মাদ্রাসা থেকে জমিয়তের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের দিকে আসতে থাকলে পুলিশ তাদের গতিপথ রোধ করে। মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জমিয়ত সমর্থকদের ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরবর্তীতে জমিয়তের কেন্দ্রীয়সহ-সভাপতি মাওলানা আব্দুল বছিরের হস্তক্ষেপে নেতা-কর্মীরা শান্ত হয়ে মাদ্রাসার ভেতরে ফিরে যান।
পরবতীর্তে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তৈবুর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমাদের কর্মসূচি ছিল আহত এবং নিহত ভাইদের জন্য দোয়া করা। যারা আহত আছেন তারা যাতে দ্রুত আরোগ্য হয়, চিকিৎসা লাভ হয় সেজন্যই আমাদের কর্মসূচি। শান্তিপূর্ণ কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস অসৌজন্যমূলক আচরণ করলেন। এই সুনামগঞ্জে কোন বিশৃঙ্খলা নাই, কোন অশান্তি নাই। প্রশাসনের সাথে সম্পর্ক করে আন্দোলন কর্মসূচি পালন করি। কিন্তু তার আচরণে আমরা ক্ষুব্ধ হয়েছি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুল বছির বলেন, কোন কারণ ছাড়াই ধাক্কাধাক্কি করেছেন একজন অফিসার। আমরা অনুমতি নিয়ে প্রোগ্রাম করেছিলাম এরপরেও তিনি এটি করেছেন। ওই সময় সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, সুনামগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে চাই আমরা। এজন্য যেটুকু করা প্রয়োজন সেটুকুই পুলিশ করছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host