ঢাকা |
প্রকাশিত: 10:04 PM, August 13, 2026
তৌফিকুর রহমান তাহের
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ::
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে তাঁর তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এমপি নাছির উদ্দিন চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মো. জসিম অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
মামলার প্রধান আসামিরা হলেন নাছির উদ্দিন চৌধুরীর তিন সৎ ভাই—মঈন উদ্দিন চৌধুরী মাসুক, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী। অন্য আসামিরা হলেন দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁও গ্রামের ছয়ফুল চৌধুরী, দলিল লেখক মুজিবুর রহমান, তাজুল ইসলাম এবং মোহরার মমতাজ বেগম।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল থাকার সুযোগ নিয়ে আসামিরা তাঁকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁর গলায় রামদা ধরে বাড়িসহ বিভিন্ন সম্পত্তির দলিলে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। বাদীপক্ষের দাবি, অসুস্থতার সুযোগ নিয়ে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই এসব দলিল সম্পাদন করা হয়েছে।
তবে আসামিপক্ষ থেকে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, আইনিভাবেই এ বিষয়টি মোকাবিলা করা হবে।
সাবেক এ সংসদ সদস্যের সম্পত্তি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার এ ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন সিআইডির তদন্ত প্রতিবেদনের ওপরই নির্ভর করছে পরবর্তী আইনি পদক্ষেপ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host