সিলেট নগর ভবনে জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 4:28 PM, August 15, 2019

সিলেট নগর ভবনে জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতাকে হত্যা শুধু কিছু বিপথগামী সেনাসদস্যের কাজ নয়, এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত ছিল উল্লেখ করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেছেন, সেদিন যে চক্রান্তে কালরাতের সৃষ্টি হয়েছিল, যে চক্রান্তে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল, চক্রান্ত সেদিন যেমন ছিল আজও তেমনি আছে।

তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি কর্পোরেশনের সভা কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবরের কোরআন তেলাওয়াত ও লাইসেন্স শাখার কর্মকর্তা জ্যোতিষ চক্রবর্তীর গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন- নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ।

সিটি কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বক্স লিপনের সভাপতিত্বে ও এসেসর চন্দন দাশের পরিচালনায় অলোচনা সভায় তিনি আরো বলেন, ১৯৯৬-এ দায়মুক্তি অধ্যাদেশ বাতিলের আগ পর্যন্ত ২১ বছর স্বঘোষিত খুনিরা বিচারের আওতা থেকে মুক্ত থাকার সুযোগ পেয়েছিল। অনেক দেরিতে ও পাহাড়সম বাধাবিপত্তি পেরিয়ে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার সম্পন্ন হয়েছে। খুনিদের মধ্যে পাঁচজনের ফাঁসির দন্ড কার্যকর হয়েছে, কিন্তু দন্ডিত বাকি ছয় খুনি এখনো ধরাছোঁয়ার বাইরে। এই খুনিদের দেশে ফিরিয়ে রায় কার্যকর করতে না পারাটা জাতির জন্য হতাশার।

সভায় বক্তব্য রাখেন- সিটি কাউন্সিলর আজম খান, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউনিসলর এ্যাডভোকেট ছালমা সুলতানা, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিসিকের অফিসার এসোসিয়েশনের আহবায়ক নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, কর কর্মকর্তা রমিজ উদ্দিন ও কর্মচারী সংসদের সভাপতি মো. আব্দুল বাসিত।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত সিসিকের পরিচালনাধীন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে সনদ ও উপহার সামগ্রী তোলে দেন অতিথিরা।

এর আগে নগর ভবন থেকে এক শোক র‌্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।   বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর