জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: 8:25 PM, January 17, 2026

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী জুবায়ের আহমদ (৯) বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া (কবির)-এর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থলে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে থাকে। পরে পুলিশ সেটি উদ্ধার করে হেফাজতে নেয়।
জকিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে ঘাতক মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর