ঢাকা ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬
আব্দুল শহীদ, সুনামগঞ্জ
সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে একাধিক জুতার দোকান ছিল।
সোমবার রাত ১১ টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জালাল আহমদ জানান, প্রথমে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পাশ্ববর্তী উপজেলা থেকে আরও দুটি ইউনিট আনা হয়। মোট পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ২১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপনের কাজ চলছে।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও কাজ করেন। এসময় জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষ ও সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পানির উৎস নিশ্চিত করা এবং ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করার জন্য স্থানীয়দের অনুরোধ করা হচ্ছে।
এদিকে, এই ভয়াবহ পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জান-মাল রক্ষায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করার আহবান জানান সমাজ সেবক ও সাংবাদিক এম আর সজিব । আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host