জকিগঞ্জে আড়াইশত ইমাম-মুয়াজ্জিনের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬

জকিগঞ্জে আড়াইশত ইমাম-মুয়াজ্জিনের মাঝে নগদ অর্থ বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জকিগঞ্জ উপজেলার ২৫০ জন গরীব ইমাম-মুয়াজ্জিন ও অসহায় পরিবারের হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

মঙ্গলবার সকাল ১০টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৫ লক্ষ টাকার এ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ইতিপূর্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছেন। গত রমজানেও খতীব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান করা হয়েছে। এবার ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিলেট-৫ আসনের ইমাম সাহেবদের মধ্য থেকে বাছাই করে ৫০০ পরিবারের হাতে এই উপহার তুলে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের অন্যতম ইমাম সাহেবরা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে রয়েছেন। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সামান্য উপহার তাদের হাতে তুলে দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সিলেটবাসীর প্রতি আন্তরিকতার কারণেই তিনি একাধিকবার সিলেট সফর করেছেন। ইতোমধ্যে কানাইঘাটের বুরহান উদ্দিন রোডের টেন্ডার সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই শেওলা-জকিগঞ্জ সড়কের টেন্ডারও হবে। সরকারের মাত্র তিন মাসের সময়ে এই উন্নয়ন অগ্রযাত্রা সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর শাহ হেলাল, খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সিলেট জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক সাহেদ আহমদ রাসেল, জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা কাজী জালাল উদ্দীন, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির, পৌর বিএনপির সভাপতি আলহাজ মাসুক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা মুস্তফা আহমদ, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সহ-সভাপতি খায়রুল ইসলাম মুনশী এবং জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ শেলিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর