ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, ক্রীড়া ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২৬

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, ক্রীড়া ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরশহরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) দুপুর প্রায় ২টার দিকে পৌরশহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় একটি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

নিহত সাইফুর রহমান শাহেদ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বৌলা মহল্লার মরহুম মুসলিম আলীর কনিষ্ঠ পুত্র। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহেদ মোটরসাইকেলযোগে শহরের দিকে যাওয়ার সময় ট্রাফিক পয়েন্ট এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়।

সাইফুর রহমান শাহেদ ছাতকের ক্রীড়াঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ ছিলেন। বিভিন্ন ক্রীড়া আয়োজন, সামাজিক উদ্যোগ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তার আন্তরিকতা, ভদ্রতা ও বন্ধুসুলভ আচরণের কারণে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে প্রিয় ছিলেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বন্যা বয়ে যায়। অনেকেই তাকে একজন সৎ, বিনয়ী, পরোপকারী ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি হিসেবে স্মরণ করছেন। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও ছাতক পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

সাইফুর রহমান শাহেদের অকাল প্রয়াণে ছাতকবাসী একজন সম্ভাবনাময়, মানবিক ও সমাজসেবামূলক ব্যক্তিত্বকে হারালো। তার মৃত্যু ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর