তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

জকিগঞ্জ প্রতিনিধি::
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাজারো কর্মী-সমর্থকের উপস্থিতিতে জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সম্মেলন। গতকাল সোমবার (৮ জুন) জকিগঞ্জ ডাকবাংলো মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রায় দেড় বছর পর নিজ উপজেলায় আগমনকালে শতাধিক মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নেতাকর্মীরা তাঁকে বরণ করে নেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল করিম মহসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনজুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান এবং সিলেট জেলা তালামীযের সভাপতি হোসাইন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তালামীযের সভাপতি আবু হানিফ নায়িম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, তালামীযে ইসলামিয়ার আন্দোলনকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। মুনাফিকি, দুর্নীতি ও দুশ্চরিত্র থেকে ছাত্রসমাজকে রক্ষা করে আদর্শ মানুষ গঠনে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

শিক্ষা ও সামাজিক প্রসঙ্গে তিনি বলেন, আজ সমাজে নৈতিক অবক্ষয়, পারিবারিক ভাঙন এবং সামাজিক অস্থিরতা দেখা দিচ্ছে। সন্তানরা মা-বাবার অবাধ্য হচ্ছে, ছাত্ররা শিক্ষকের বিরোধিতায় যাচ্ছে। এটি শুধু অশিক্ষা নয়, বরং গভীর নৈতিক সংকট। তিনি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

প্রশাসনিক প্রসঙ্গে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী বলেন, বৃষ্টিস্নাত দিনে এত বিপুল উপস্থিতি প্রমাণ করে সংগঠনের প্রতি মানুষের আস্থা রয়েছে। তবে জকিগঞ্জে অনুষ্ঠান করতে এসে তিনি কিছুটা অসহায় অবস্থার মুখোমুখি হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কেন বাধা সৃষ্টি করা হচ্ছে এবং এর পেছনে কারা রয়েছে- সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, এই অঞ্চলের মাটিতে তিনি আগন্তুক নন। তাঁর পূর্বপুরুষ ৬০০ বছর ধরে এ অঞ্চলে দ্বীনের খেদমত করে আসছেন। হযরত ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)-এর আদর্শের ধারাবাহিকতায় তারা আজও আপসহীন আছেন। বক্তব্য শেষে তিনি দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, সিলেট মহানগর তালামীযের সভাপতি হোসাইন আহমদ, সাবেক জেলা সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মো. ফজলুর রহমান চৌধুরী এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর