ঢাকা ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬
জুবায়ের আহমদ,
জকিগঞ্জের জামেয়া ইসলামিয়া ফয়জেআম মুনশীবাজারের দীর্ঘদিনের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুর বিদেশী হুজুর রহ. ও জামেয়ার মরহুম আসাতিযায়ে কেরামদের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ১৩ জুন শনিবার বিকেলে জামেয়ার মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জামেয়ার শায়খুল হাদীস মাওলানা মুফতি মাহমুদ হুসাইন বারঠাকুরীর সভাপতিত্বে এবং ছাত্রসংসদের সভাপতি মাওলানা মোহাম্মদ নোমানী ও মাওলানা মনসুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাইবে মুহতামিম মাওলানা আবদুল হান্নান কাসিমি।
বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আবদুল মুকতাদির, মুনশীবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা লিয়াকত আলী, মাওলানা রিয়াজুদ্দীন চাপঘাটী, মাওলানা হাফিজ আযহার হুসাইন, বিদেশী হুজুর এর পুত্র মাস্টার বেলাল আহমদ প্রমুখ।
বক্তারা জামেয়ার মরহুম আসাতিযায়ে কেরামের স্মৃতিচারণ করে বলেন: তাঁরা ছিলেন ইলম, আমল, তাকওয়া ও ইখলাসের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টায় মুনশীবাজার মাদরাসা আজ বৃহত্তর সিলেট অঞ্চলের একটি স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশেষ করে মাওলানা আব্দুস সবুর বিদেশী হুজুর রহ. দীর্ঘ কয়েক দশক ধরে হাদীসের খেদমত, ছাত্র গঠন এবং দীনের দাওয়াত ও তাবলিগের কাজে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর সাদাসিধে জীবনযাপন, ছাত্রদের প্রতি অকৃত্রিম মমত্ববোধ, ইলমের প্রতি গভীর অনুরাগ এবং দ্বীনি খেদমতের প্রতি একনিষ্ঠতা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, মরহুম আসাতিযায়ে কেরামের রেখে যাওয়া ইলমি ও আধ্যাত্মিক উত্তরাধিকার সংরক্ষণ এবং তাঁদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই তাঁদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন সম্ভব। এ সময় তাঁরা মরহুমদের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের অসমাপ্ত দ্বীনি খেদমত এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মাওলানা আব্দুস সবুর বিদেশী হুজুর রহ. ও জামেয়ার অন্যান্য মরহুম আসাতিযায়ে কেরামের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এতে জামেয়ার শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host