ঢাকা ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
সিলেটের জকিগঞ্জ বাজারে একটি ফার্নিচার প্রতিষ্ঠানে চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। স্থানীয় জনতার তৎপরতায় আটক ওই ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার সকাল ৭টার দিকে জকিগঞ্জ বাজারের পূর্ব পাশে অবস্থিত ‘রিপন এন্ড আরিয়ান ফার্নিচার সিএনসি নকশা ঘর’ নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের মালিক মাছুম আহমদ মঙ্গলবার রাত প্রায় ১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। বুধবার ভোরে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে আসা কয়েকজন স্থানীয় ব্যক্তি দোকানের সামনে দুইটি বস্তাসহ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। এ সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক ব্যক্তি জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি এলাকার আব্দুস ছোবহান (৩৮) বলে জানা গেছে।
খবর পেয়ে দোকান মালিক ঘটনাস্থলে এসে দোকানের ভেতরে প্রবেশ করে দেখতে পান, পেছনের দরজা খোলা এবং একটি কম্পিউটার মনিটর, ইউপিএস, ড্রিল মেশিন, ফার্নিচার নকশার কাজে ব্যবহৃত মূল্যবান কাটার বিট, একটি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম নেই। পরে স্থানীয়দের হেফাজতে থাকা দুইটি বস্তা তল্লাশি করে দোকান থেকে চুরি হওয়া এসব মালামাল উদ্ধার করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকারও বেশি। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি একজন অজ্ঞাত সহযোগীর সহায়তায় দোকানে প্রবেশ করে মালামাল চুরির কথা স্বীকার করেছেন বলেও অভিযোগে বলা হয়েছে।
জকিগঞ্জ ফার্নিচার শ্রমিক সংগঠনের সভাপতি বাবুল আহমদ বলেন, “আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জকিগঞ্জ বাজারের বিভিন্ন ফার্নিচার দোকানে চুরি করে আসছে বলে ব্যবসায়ীদের মধ্যে অভিযোগ রয়েছে। সম্প্রতি কয়েকটি দোকানেও চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত মালামাল জব্দ করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।
এ ঘটনায় দোকান মালিক মাছুম আহমদ জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host