রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবার পাচ্ছে ৩ লাখ ৩৫ হাজার টাকা

প্রকাশিত: 9:54 PM, August 27, 2026

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবার পাচ্ছে ৩ লাখ ৩৫ হাজার টাকা

বিজয়ের কন্ঠ ডেস্কঃ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নয়জনের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিহত নয় কর্মীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাতজন রয়েছেন। তাঁদের মধ্যে একই গ্রামের চারজন এবং দুইজন সহোদর। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মরদেহ গ্রহণের পর বিমানবন্দরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন তাঁরা। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে নিহত বাকি সাতজনের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা সম্ভব না হওয়ায় সিআইডির তত্ত্বাবধানে তাঁদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক কার্যক্রম চলছে।

মন্ত্রী আরও জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত নয়জনের প্রত্যেক পরিবারের জন্য লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন আর্থিক অনুদান হিসেবে ৩ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ প্রত্যেক পরিবার মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।

এছাড়া হৃদয়বিদারক এ ঘটনায় নিহতদের মরদেহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে সরাসরি তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। প্রবাসী বাংলাদেশিরা বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য অর্থ পাঠান। তিনি বলেন, অগ্নিকাণ্ডে নিহত যেসব বাংলাদেশির মরদেহ এখনো দেশে আনা সম্ভব হয়নি, তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি দূতাবাসের সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে এবং দ্রুততম সময়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) দেওয়ান আলি আশরাফ এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের ডেপুটি চিফ অব মিশন ইব্রাহীম আলাহমারি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর