ঢাকা |
প্রকাশিত: 10:05 PM, August 27, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
সিলেট নগরীর পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শাহপরান (র.) থানাধীন শিবগঞ্জ মজুমদার পাড়া থেকে তুহিন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ এবং একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে দুলাল মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ মজুমদার পাড়া এলাকার জসিম মিয়ার কলোনির একটি ভাড়া বাসা থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জকিগঞ্জ থানাধীন থানাবাজার ইউনিয়নের মুমিনপুর এলাকার আব্দুল মালিকের ছেলে। বর্তমানে স্ত্রীকে নিয়ে ওই কলোনির বাসায় বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তুহিনের স্ত্রী বাসায় ফিরে ঘরের ভেতরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহপরান থানার ওসি ফেরদৌস হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কদমতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যক্তি দুলাল মিয়া (৪৬)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে পারেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host