দিরাইয়ে ১,৩০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: 9:43 PM, August 25, 2026

দিরাইয়ে ১,৩০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ শিশ আহমদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার হেফাজত থেকে ১,৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৪ নম্বর চরনারচর ইউনিয়নের শ্যামারচর খালপাড় হাটি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিশ আহমদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত তারা মৌলভী ওরফে আশরাফ উদ্দিনের ছেলে। উল্লেখ্য, তিনি শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এহিয়া আহমেদের ছোট ভাই।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই কানন কুমার দাস, এএসআই দিবাস চন্দ্র দাস, এএসআই আব্দুল মোতালেব, এএসআই সুমন চন্দ্র মোদক ও কনস্টেবল ইমন আহমদ ইমরানের সমন্বয়ে একটি টিম এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে ডিউটিতে ছিলেন।

রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে শ্যামারচর খালপাড় হাটি ব্রিজের ওপর ইয়াবা বেচাকেনা চলছে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় শিশ আহমদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ৭টি জিপার ব্যাগ থেকে ১,৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

এঘটনায় এসআই কানন কুমার দাস বাদী হয়ে গ্রেফতারকৃত শিশ আহমদ এবং পলাতক আসামী দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের মৃত রাখাল দাশের ছেলে রন দাশ (৪২)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর