সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

প্রকাশিত: 10:50 PM, August 26, 2026

সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

মোঃ বিলাল উদ্দিন,গোয়াইনঘাট সিলেট প্রতিনিধিঃ

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা নাগরিকরা বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদের মধ্যে ৩ জন মেঘালয়ের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে এবং ৩ জন ওয়েস্ট গারো হিলসের তুরা কারাগারে কারাভোগ করেন। পরবর্তীতে বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।
ফেরত আসারা হলেন ঢাকার কদমতলীর মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতকের আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাবাড়ীর মো. তফিজুল ইসলাম (৪৭) ও মো. রিহাম (১৯) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মো. মামলত হোসেন (৩৪)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মো. বজলুর রশিদ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ৬ বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আইনি আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর