বিভিন্ন দাবীতে ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি

প্রকাশিত: 1:19 PM, July 28, 2019

বিভিন্ন দাবীতে ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি

সিলেটে আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্য প্রযুক্তি ভবন বা ডিজিটাল তথ্য কমপ্লেক্স স্থাপন, ৪ টি জেলায় পৃথক পৃথক আধুনিক তথ্য, যোগাযোগ প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন, পরমাণু চিকিৎসা ও গবেষণা ইন্সটিটিউট স্থাপন, আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন, ডিএনএ টেষ্ট ল্যাবরেটরী স্থাপন, আধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কম্পিউটার সিটি স্থাপন, ভার্চুয়াল রিয়েলিটি প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে আন্তর্জাতিক মানসম্পন্ন হাইটেক পার্ক ও আইটি ভিলেজ স্থাপনের দাবী জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, গণদাবী ফোরাম সিলেট মহানগর সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, বাংলা টিভির সিলেট প্রতিনিধি আবু তালেব মুরাদ, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ প্রমুখ।
স্মারকলিপিতে অন্যান্য দাবীগুলো হচ্ছে-সিলেটে বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর স্থাপন, সিলেট বিভাগের সকল মোবাইল কোম্পানীর নেটওয়ার্ক সম্প্রসারণ, উন্নয়ন ও ইন্টারনেটের গতি বৃদ্ধি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন, বিনামূল্যে কম্পিউটার সরবরাহ, ফ্রি ওয়াইফাই ও ইন্টারনেট সংযোগ প্রদান, বিভাগের সকল ডাকঘর সমূহের উন্নয়ন ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা, যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষার জন্য শিলং তীর খেলা নামে ডিজিটাল জুয়া খেলার সফটওয়্যারসহ অনলাইন সংযোজন বন্ধ করা ইত্যাদি। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর