ঢাকা ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
সিলেটের এক বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান অস্ত্রের মুখে দখল করে নিয়েছে নিজ দলীয় প্রতিপক্ষরা। তারা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে বন্দরবাজারস্থ হকার্স মার্কেটের ‘সামিন স্টোর’ নামীয় দোকানটি দখল করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরে মহানগর বিএনপি নেতা কয়েস লোদীর অনুসারী উমেদুর রহমান উমেদের একমাত্র ডানহাত খ্যাত বাবর ওরফে বুলেট বাবর তার গ্রুপের ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে সামিন স্টোরে হামলা করে। এসময় দোকানের সত্বাধিকারী ফারুক উদ্দিন দোকানে ছিলেন না। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে দোকানের কর্মচারীদের মারপিট করে দোকান থেকে বের করে দিয়ে দোকানটি দখলে নেয়।
তারা বলেন, দোকানটির মালিক ফারুক উদ্দিন ওই প্রতিষ্ঠানে টেইলারিং মেশিনের যন্ত্রাংশসহ টেইলারিং সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করতেন। ব্যবসার পাশাপাশি তিনি বিএনপির রাজনীতি করতেন। দলীয় মিছিল-মিটিংয়ে তার সক্রিয় ভূমিকা ছিল। মহানগর আওয়ামী শিবিরে ফারুক ছিলেন এক আতঙ্কের নাম। সরকারের বিরুদ্ধে যেকোনো অবস্থানে তিনি খুবই তৎপর ছিলেন। যে কারণে তিনি আওয়ামী লীগ সরকারের শত্রুতে পরিণত হয়েছিলেন।
এদিকে গ্রুপিং রাজনীতি করতে গিয়ে নগর বিএনপি দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। একটি হলো আরিফুল হক চৌধুরী গ্রুপ ও অপরটি খন্দকার মুক্তাদির গ্রুপ। এর মধ্যে আরিফ গ্রুপের নেতৃত্বে রয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসেইন এবং মুক্তাদির গ্রুপের নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ কয়েস লোদী।
পাশর্^বর্তী ব্যবসায়ীরা জানান, কয়েস লোদীর অন্যতম সহযোগী উমেদুর রহমান উমেদের সাথে ফারুক উদ্দিনের ভালো বন্ধুত্ব ছিল। তারা সব সময় একসাথেই থাকতেন। দলীয় প্রোগ্রামে একসাথে উপস্থিত থেকে কর্মসূচী সফল করতেন। উমেদ প্রায়ই ফারুকের দোকানে আসতেন। দীর্ঘ সময় বসে দলীয় আলোচনা করতেন। কিন্তু ফারুক উদ্দিন নাছিম হোসেইনের অনুসারী হওয়াতে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একপর্যায়ে ফারুক বন্ধু উমেদের শত্রুতে পরিণত হন। আওয়ামী লীগের সাথে আতাত করে ফারুককে ক্রশফায়ার করাতে সর্বাত্মক চেষ্টা করেন উমেদ। এমনকি পাঠানটুলাস্থ লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসায় অধ্যয়নরত ফারুকের দুই ছেলেকে অপহরণেরও চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত সব চেষ্টায় ব্যর্থ হয়ে এখন ফারুকের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বকভাবে দখল করে নিলেন।
এদিকে ফারুকের স্বজনরা জানান, ক্রশফায়ারের ভয়ে ইতোপূর্বে প্রাণ বাঁচাতে আত্মগোপনে রয়েছেন ফারুক। তিনি সম্প্রতি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলেও তারা নিশ্চিত করেন।
তারা বলেন, উমেদের বিষয়ে তারা আগে থেকেই জানতেন। তিনি আগে থেকেও বার বার তাদের ক্ষতি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কিন্তু এবার অস্ত্রের মুখে তাদের একমাত্র ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করে নিয়েছেন। এ ব্যাপারে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host