ঢাকা ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬
সিলেট প্রতিনিধি
সিলেটের মদিনা মার্কেট পয়েন্টে গরুর মাংসের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, সিলেট মহানগর ছাত্রদল নেতা গোলাম রব্বানী ও সিলেট মহানগর ছাত্রদল নেতা পারভেজ আহমদকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান আজিজ খান সজিবকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদকের পদ থেকে বহিস্কার করেন।
সেই সঙ্গে মহানগর ছাত্রদলের ০২ সদস্য গোলাম রব্বানী ও পারভেজ আহমদকেও বহিস্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) সই করা এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সিলেটের মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে বিএনপির দুই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন এবং ব্যাপক ভাংচুর ও ক্ষতিসাধন হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোঃ মনজুরুল আলম বলেন, ‘কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রাস্তা ব্যারিকেড, ভাংচুর ও ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছে পুলিশ। জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্থ করেন।’
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্র থেকে তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আজিজ খান সজীবকে দল থেকে বহিস্কার করা হয়েছে।’
সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান বলেন, ‘তারা ঘটনা সম্পর্কে অবহিত রয়েছেন, আহতদের হাসপাতালে দেখতে গিয়েছেন। ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্টতা পাওয়ায় মহানগর ছাত্রদলের সদস্য গোলাম রব্বানীকে বহিস্কার করা হয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কথাবার্তা বলায় মহানগর ছাত্রদলের অপর সদস্য পারভেজ আহমদকে বহিস্কার করা হয়েছে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host