ঢাকা ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাবাজপুর বাজারে অবস্থিত নওরিন সুজ নামের একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টায় স্থানীয় একটি রাজনৈতিক জমায়েতের পর ২৫ থেকে ৩০ জনের একটি দল দোকানটিতে হামলা চালায়। এ ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়।
জানা যায়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনের পর থেকেই এলাকাজুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এরই প্রেক্ষাপটে রাজু আহমেদ (৪০), রাকিবুল ইসলাম (২৯) এবং সুফার আহমেদ (৩২)সহ আরও কয়েকজন জন বিএনপি ও আওয়ামী লীগের সমন্বিত কর্মী অংশ নেয় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দোকানে প্রবেশ করেই কামরুল হাসানের অবস্থান সম্পর্কে জানতে চায়।
দোকানের ম্যানেজার আবুল হোসেন জানান, তিনি কামরুল হাসানের অবস্থান সম্পর্কে কিছু জানেন না। একথা শুনে হামলাকারীরা উত্তেজিত হয়ে দোকানের ভেতরে ভাঙচুর চালায়, মালামাল নষ্ট করে এবং কর্মচারীদের হুমকি দেয়। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেয়।
স্থানীয়দের ধারণা, এই হামলার মূল উদ্দেশ্য ছিল কামরুল হাসানের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা। এর আগে তার পরিবারের ওপর একাধিকবার হুমকি ও হামলার ঘটনা ঘটেছে বলেও জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নওরিন সুজ-এর মালিক আলতাফ হোসেনের ছেলে কামরুল হাসান(৩০) একজন সক্রিয় রাজনৈতিক ও সামাজিককর্মী, যিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে যুক্ত। তিনি সিলেট ও মৌলভীবাজার এলাকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রতিপক্ষের নজরে ছিলেন। ২০২১ সাল থেকে বিভিন্ন হুমকির কারণে তিনি আত্মগোপনে রয়েছেন।
বর্তমানে কামরুল হাসানের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host