স্থানীয় সরকার নির্বাচনে মারামারি থামানোই বড় চ্যালেঞ্জ : সিইসি

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে মারামারি থামানোই বড় চ্যালেঞ্জ : সিইসি

বিজয়ের কণ্ঠ ডেস্ক
আগামী এক বছরের মধ্যে দেশে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। এই নির্বাচনের বড় চ্যালেঞ্জ কী তা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে, “লোকাল গভর্নমেন্ট ইলেকশনে মারামারি থামাতে হবে। এই জিনিস থামানোই বড় চ্যালেঞ্জ।”

বৃহস্পতিবার (২১ মে) রাজধানী গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে এই অনুষ্ঠানের আয়োজন করে পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস।

সিইসি বলেন, “এখন আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে লোকাল পোলস (স্থানীয় সরকার নির্বাচন)। চার হাজার ৫৮১ ইউনিয়ন, ৫০০ উপজেলা, ৬১ জেলা, ১৩ সিটি করপোরেশন ও ৩৩০টি পৌরসভা নির্বাচন করতে হবে। এগুলো হিউজ টাস্ক এহেড। আমাদের চেষ্টার কোনও ঘাটতি থাকবে না।”

এ এম এম নাসির উদ্দিন বলেন, “গণতন্ত্র শুধু ন্যাশনাল লেভেলে হয় না। দেশের স্বার্থে, সবার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে…গণতন্ত্র তো তৃণমূলে যেতে হবে। তৃণমূলে গণতন্ত্র আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা সরাসরি সার্ভিস দেন মানুষকে। আমাদের কমিটমেন্ট, ন্যাশনাল ইলেকশনের সেইম স্ট্যান্ডার্ডে স্থানীয় সরকার নির্বাচন করবো।”

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি সংস্থার তথ্য তুলে ধরে তিনি বলেন, “২০১৬ সালে স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন খুন হয়েছে। ২০২১ সালে ইউনিয়ন ইলেকশন ১১৬ জন খুন হয়েছে। সো মেনি কিলিংস টেক প্লেস ডিউরিং লোকাল গভর্নমেন্ট ইলেকশন। আশির দশকের সময় লোকাল গভর্নমেন্ট ইলেকশন দেখেছি, অনেক মার্ডার হয়েছে। আর অল হসপিটাল ফুল অব ইনজুরড। এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনে মারামারি থামাতে হবে। এই জিনিস থামানো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আমরা কোনও রক্তপাত চাই না।”

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “একটা রক্তপাতহীন, সুন্দর স্থানীয় সরকার নির্বাচন করতে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন জোরেশোরে চালু করবো। স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলবো, সবাইকে মোবিলাইজ করার চেষ্টা করবো, সবাইকে একত্রিত করার চেষ্টা করবো, যাতে আমরা এই ধরনের সংঘাত এড়িয়ে একটা সুন্দর স্থানীয় নির্বাচন দিতে পারি।”

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সাপোর্ট খুবই দরকার। তাদের সাপোর্ট ছাড়া স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়।”

রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করা ইসির পক্ষ থেকে সহজ হবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, “প্রত্যেকটা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যে খুনোখুনি হয়, এগুলো যাতে না হয় সেটার জন্য সবার সহযোগিতা নিয়ে আমরা ফাইট করবো। সেই চেষ্টা করছি এবং সেটাই আমাদের একটা লক্ষ্য। কোনও ধরনের রক্তপাত যেন না হয় সেটাই আমাদের মূল লক্ষ্য।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর