শায়েস্তাগঞ্জে প্রাণ কোম্পানিতে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: 5:24 PM, June 16, 2021

শায়েস্তাগঞ্জে প্রাণ কোম্পানিতে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা
শায়েস্তাগঞ্জের অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ আরএফএল কোম্পানির এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে প্রত্যক্ষদর্শী ও কোম্পানী কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কোম্পানীর ২ নং গেইটে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম মিজানুর রহমান (৩২)। তিনি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রাণ আরএফএল কোম্পানির ২নং গেইটের সিকিউরিটি গার্ডদের অসাবধানতায় কোম্পানির মেশিন অপারেটর মিজানুর রহমানের (৩২) মৃত্যু হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের দাবি মিজানুর রহমান ইলেকট্রিক গেইটের নিচে চাপা পড়ে মারা গেছেন।

 

এদিকে মিজানের মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে কোম্পানিতে শ্রমিকরা উত্তেজিত হয়ে অভ্যন্তরে ব্যাপক ভাংচুর চালায়। প্রাণ আরএফএল কোম্পানির দুই গেইটের সিসি ক্যামেরাসহ বেশ কিছু অংশে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

 

এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, মাধবপুর থানা ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত মিজানুর রহমানের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, মিজানুর রহমান নামে একজন অপারেটর নিহত হয়েছেন। কোম্পানির সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী অসাবধানতাবসত ইলেকট্রিক গেইটে চাপা পড়ে তিনি মারা গেছেন। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। মৃত্যুর ঘটনার সাথে কোম্পানীর ত্রুটি বা জড়িত থাকার মতো কোনো প্রমান পেলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর