ঢাকা ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে এক যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিএনপি-জামায়াত। এসময় তাকে বাড়িতে না পেয়ে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট চালিয়েছে হামলাকারীরা।
শুক্রবার (১০ জানুয়ারি’২৫) বেলা দেড়টার দিকে ওসমানীনগর উপজেলার গজিয়া গ্রামের বাড়িতে ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গজিয়া গ্রামের আকলিছ উল্লার ছেলে ও ওসমানীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান(৩৬) গত ০৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তাঁর অবস্থান সম্পর্কে তাঁর পরিবার ও থানা পুলিশ কেউই অবগত নন। কিন্তু তাঁকে খুঁজতে একাধিকবার তাঁর বাড়িতে গিয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ।
তারা আতাউর রহমানের খোঁজ না পেয়ে তাঁর পরিবারকে শাসিয়ে আসেন। ঘটনার দিন দেড়টার দিকে আবারও তাঁর খুঁজে বাড়িতে সশস্ত্র অবস্থান নেয় দুষ্কৃতিকারীরা। এসময় তারা আতাউর রহমানের ঠিকানা দিতে তাঁর পরিবারের উপর চাপ প্রয়োগ করে। তারা আতাউরের অবস্থান সম্পর্কে কিছুই জানেন না মর্মে জানালে বিএনপি-জামায়াতের সশস্ত্র দল বাড়িতে ভাঙচুর চালায়।
এসময় বাধা দিতে আসলে আতাউর রহমানের মা রেজিয়া বেগম(৬৩)কে বেদম মারধর করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। নারকীয় তাণ্ডব চালিয়ে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ‘যেকোনো মূল্যে আতাউরকে খুঁজে বের করে তাকে হত্যা করা হবে’ মর্মে হুমকি প্রদান করে। এরপর স্থানীয়রা রেজিয়া বেগমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও শেরপুর বাজারস্থ মো. আতাউর রহমান(৩৬) এর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে সশস্ত্র অবস্থান নেয় হামলাকারীরা। তারা আতাউরের ব্যবসা প্রতিষ্ঠান এস.আর স্পোর্টস অ্যান্ড জেন্টস ফ্যাশন ও তাঁর বিল্ডিং কন্সট্রাকশনে হামলা চালিয়ে বিল্ডিংটি দখল করে নেয়। এসময় তাঁর প্রতিষ্ঠানে ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
তারা বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে যেমন হামলা ও লুটপাট হয়েছে। একইভাবে যুবলীগ নেতা আতাউর রহমানের বাড়িতে ও তার ব্যবসা প্রতিষ্ঠান এবং কন্সট্রাকশনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বিএনপি-জামায়াত। তারা ছাত্র-জনতার ব্যানারে এসব হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। যদিও এই হামলায় কোনো ছাত্র-জনতাকে চোখে পড়েনি। কিন্তু তারা মব সৃষ্টি করে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে- যার জন্য স্থানীয় ব্যবসায়ীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ওসমানী নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, যুবলীগ নেতা আতাউর রহমানের বাড়ি ও তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়েছে- এমন খবর পেয়েছি। তবে কেউ মামলা দায়ের করেনি। মামলা হলে বিবেচনা করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host