দোয়ারাবাজারে ধান কাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১৫

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

দোয়ারাবাজারে ধান কাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১৫

দোয়ারাবাজার সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধানের চারা কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৭) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ দিন দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল হোসেনের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ান নগর গ্রামের নিহত বিল্লাল হোসেন এবং একই গ্রামের মছরব আলী উভয় প্রতিবেশী এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। শুক্রবার দুপুর ২টার দিকে ধানের চারা কাটাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা গোষ্ঠীগতভাবে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

সর্বশেষ ২৪ খবর