আগামী বছরের শুরুতেই প্রাথমিক স্বাস্থ্যসেবা চালুর আশাবাদ দি ওয়ান পাউন্ড হসপিটালের

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

আগামী বছরের শুরুতেই প্রাথমিক স্বাস্থ্যসেবা চালুর আশাবাদ দি ওয়ান পাউন্ড হসপিটালের

মীম সালমান, কানাইঘাট
ব্রিটিশ চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড হসপিটাল-এর প্রজেক্ট আপডেট ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে পিটার্সফিল্ডের প্যারাডাইস রেস্টুরেন্টে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হসপিটালের প্রথম ফাউন্ডার প্যাট্রন সমুজ আলী। সংস্থার ট্রেজারার মাওলানা সিরাজুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
ফাউন্ডার মেম্বার ও স্থানীয় কোঅর্ডিনেটর মুহাম্মদ আব্দুল হক আবুল এবং সংস্থার সিইও ডা. শানুর আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় ফাউন্ডার চেয়ারপার্সন ডা. শানুর আলী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের শুরু থেকে বর্তমান পর্যন্ত সার্বিক অগ্রগতি তুলে ধরেন।
তিনি বলেন, “আপনাদের দানে এক সময়ের স্বপ্নের প্রজেক্ট আজ দৃশ্যমান বাস্তবে রূপ নিচ্ছে। হাসপাতালের নিচতলার ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামী বছরের প্রথম দিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।”
সংস্থার সেক্রেটারি জেনারেল, সাবেক স্পিকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কাউন্সিলর আয়াজ মিয়া আর্থিক প্রতিবেদন উপস্থাপন করে বলেন, “এই সংস্থার স্বচ্ছতা তুলনাহীন। প্রতি বছর চ্যারিটি কমিশন ইংল্যান্ড এবং এনজিও ব্যুরো বাংলাদেশে হিসাব জমা দেওয়া হয়। এছাড়াও বুকলেট, সংবাদ সম্মেলন ও টিভি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের জন্য আর্থিক হিসাব প্রকাশ করা হয়।”
বিস্তারিত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের পর উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন।
সংস্থার ট্রেজারার সিরাজুল ইসলাম বলেন, “আমরা জবাবদিহিতায় বিশ্বাসী। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।” তিনি আরও বলেন, “নীতিমালা মেনে যে কেউ ট্রাস্টি বা ডিরেক্টর হিসেবে যুক্ত হয়ে মানবকল্যাণে ভূমিকা রাখতে পারেন।”
ট্রাস্টি এম আবুল হাশেম বলেন, “এই সংস্থায় দায়িত্বশীল হিসেবে কাজ করছি মানবকল্যাণের উদ্দেশ্যে। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতাই আমাদের মূল পুঁজি। আজ উপস্থিত সবাই আয়-ব্যয়ের হিসাব নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
ট্রাস্টি কাউন্সিলর শাহ সুহেল আমিন বলেন, “এই হাসপাতাল চালু হলে বিশ্বনাথ, জগন্নাথপুর, ওসমানীনগর ও দক্ষিণ সুরমার মানুষ সরাসরি উপকৃত হবেন। তাই সবাইকে এগিয়ে এসে ওয়াদাকৃত ফান্ড পরিশোধ করার আহ্বান জানাই, যাতে নিচতলার নির্মাণকাজ সম্পন্ন করে দ্রুত প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা যায়।”
সভাপতির বক্তব্যে সমুজ আলী দলমতের ঊর্ধ্বে উঠে মানবসেবামূলক এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের সাবেক মেয়র ও সংস্থার উপদেষ্টা কাউন্সিলর ডেভিড ফুলার বলেন, “এমন একটি মহৎ প্রজেক্টের সঙ্গে শুরু থেকেই যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। মানবকল্যাণে কাজ করা এই উদ্যোগকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করা উচিত। সংস্থার স্বচ্ছতা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক লায়েক মুহিত, সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, কাউন্সিলর শাহিনুর আলী পাশা, বিশিষ্ট ব্যবসায়ী রাজা আলীসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাপনী বক্তব্যে ট্রাস্টি সমুজ আলী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি আনন্দিত যে আপনারা সংস্থার আর্থিক হিসাব বুঝে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আশা করি এই টিম আপনাদের আমানত যথাযথভাবে প্রয়োগ করতে পেরেছে। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা দ্রুত স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করতে পারব এবং গরিব রোগীরা উপকৃত হবেন।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর