পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর, শোকে স্তব্ধ জাফলং

প্রকাশিত: 9:41 PM, July 6, 2026

পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর, শোকে স্তব্ধ জাফলং

গোয়াইনঘাট প্রতিনিধি: অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়েছিল তিন বন্ধু। কিন্তু আনন্দভ্রমণই শেষ পর্যন্ত পরিণত হলো মর্মান্তিক ট্র্যাজেডিতে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর–বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (রাহুল) (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে জাফলং চা বাগান এলাকায় বেড়াতে যান। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রায়হান ও জয়কে উদ্ধার করে সিলেটের কুইন্স হাসপাতাল ও নুরজাহান হাসপাতালে ভর্তি করা হলে রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

একসঙ্গে তিন কিশোরের প্রাণহানির ঘটনায় গোয়াইনঘাট ও জাফলং এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও নিহতদের বাড়ির পরিবেশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর