বিএনপি নেতা স্টেলিং তারিয়াংকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, মানববন্ধনের ঘোষণা

প্রকাশিত: 10:50 PM, July 28, 2026

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, মানববন্ধনের ঘোষণা

আব্দুল হালিম, গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিং তারিয়াংকে ঘিরে চলমান অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁর সমর্থক ও তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের দাবি, রাজনৈতিকভাবে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধিতে ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ ঘটনার প্রতিবাদে আগামী পরশুদিন গোয়াইনঘাটে একটি মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আয়োজকদের প্রত্যাশা, এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে স্টেলিং তারিয়াং রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। সমর্থকদের অভিযোগ, এই জনপ্রিয়তাকে লক্ষ্য করেই একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তৃণমূলের নেতাকর্মীরা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে মিথ্যা ও যাচাইবিহীন তথ্য ছড়িয়ে কাউকে হেয় করা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। কোনো অভিযোগ থাকলে তা আইনগত ও প্রাতিষ্ঠানিকভাবে উপস্থাপন করা উচিত, গুজব বা অপপ্রচারের মাধ্যমে নয়।

মানববন্ধন কর্মসূচি থেকে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা, দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য প্রচার বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর