গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা উদ্ধার

প্রকাশিত: 5:36 PM, August 29, 2026

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা উদ্ধার

সুলেমান সিদ্দিকি, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে চোরাচালান আইনে মামলা করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই চারজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অজ্ঞাতনামা চার ব্যক্তি একটি নৌকায় করে ভারতীয় জিরা নিয়ে বাংলা বাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে।

সংবাদের ভিত্তিতে গুপ্তচরের দেওয়া তথ্য অনুযায়ী সরকারি স্পিডবোট নিয়ে সন্দেহভাজন নৌকাটিকে ধাওয়া করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চার ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে উঠে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে নৌকাটি তল্লাশি করে ৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৯৩০ কেজি জিরা ছিল। উদ্ধার করা জিরার প্রতিটি বস্তায় ‘K.S. GOLD Jeera’সহ ইংরেজিতে বিভিন্ন লেখা রয়েছে। পুলিশের হিসাব অনুযায়ী, প্রতি কেজি জিরার আনুমানিক বাজারমূল্য ১ হাজার টাকা হিসেবে উদ্ধারকৃত জিরার মোট মূল্য প্রায় ৯ লাখ ৩০ হাজার টাকা।

এ ছাড়া অভিযানে প্রায় ৪৫ ফুট দীর্ঘ ও ৩ ফুট প্রস্থের একটি ইঞ্জিনচালিত কাঠের বারকি নৌকা উদ্ধার করা হয়। নৌকাটিতে ২৫ হর্সপাওয়ারের ZS1115 মডেলের ইঞ্জিন রয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

এ ঘটনায় অজ্ঞাতনামা পলাতক চারজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা হয়েছে। মামলাটি নং-৪১(৮)২৬, ধারা ২৫বি(১)(বি)/২৫ডি, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এ রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে গোয়াইনঘাট সীমান্ত ও নদীপথে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর