নিজ বিভাগে নয়, ভর্তির দিক থেকে সিলেটকে পেছনে ফেলেছে চট্টগ্রাম ও ঢাকা
শাবিপ্রবিতে ভর্তিতে এগিয়ে চট্টগ্রাম-ঢাকা, তৃতীয় সিলেট

প্রকাশিত: 12:40 AM, August 30, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>নিজ বিভাগে নয়, ভর্তির দিক থেকে সিলেটকে পেছনে ফেলেছে চট্টগ্রাম ও ঢাকা</span> <br/> শাবিপ্রবিতে ভর্তিতে এগিয়ে চট্টগ্রাম-ঢাকা, তৃতীয় সিলেট

শাবিপ্রবি প্রতিনিধি :

দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পড়তে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা ভর্তি হন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষার্থী ভর্তিতে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের। নিজস্ব অবস্থান সিলেট বিভাগ রয়েছে তৃতীয় অবস্থানে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে মোট ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩৬২ জন, যা মোট ভর্তির ২২ দশমিক ১৬ শতাংশ। ঢাকা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩২৫ জন বা ১৯ দশমিক ৮৯ শতাংশ। আর সিলেট বিভাগ থেকে ভর্তি হয়েছেন ২৯৮ জন, যা মোট ভর্তির ১৮ দশমিক ২৪ শতাংশ।

১১ জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগ থেকেই সবচেয়ে বেশি শিক্ষার্থী শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন। এ বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলা থেকে ৮৮ জন, কুমিল্লা থেকে ৭৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫৩ জন ভর্তি হয়েছেন। বিভাগের অন্যান্য জেলা থেকেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হয়েছেন।

ভর্তি হওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, শাবিপ্রবির একাডেমিক পরিবেশ, শিক্ষার মান, ক্যাম্পাসের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য তাদের বিশ্ববিদ্যালয়টিতে পড়তে আগ্রহী করেছে।

শিক্ষার্থী ভর্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। ১৩ জেলা নিয়ে গঠিত এ বিভাগ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন ৩২৫ জন।

এর মধ্যে ঢাকা জেলা থেকে ৮৬ জন, কিশোরগঞ্জ থেকে ৪৯ জন এবং নরসিংদী থেকে ৪৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের অন্যান্য জেলা থেকেও শিক্ষার্থীরা শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান সিলেট বিভাগে হলেও বিভাগভিত্তিক ভর্তির হিসাবে সিলেট রয়েছে তৃতীয় অবস্থানে। চার জেলা নিয়ে গঠিত এ বিভাগ থেকে মোট ২৯৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

এর মধ্যে সিলেট জেলা থেকেই ভর্তি হয়েছেন ১৩২ জন, যা একক জেলা হিসেবে সর্বোচ্চ। এছাড়া সুনামগঞ্জ থেকে ৬৫ জন, মৌলভীবাজার থেকে ৫১ জন এবং হবিগঞ্জ থেকে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে ময়মনসিংহ রয়েছে চতুর্থ অবস্থানে। এ বিভাগের চার জেলা থেকে ভর্তি হয়েছেন ১৭২ জন শিক্ষার্থী, যা মোট ভর্তির ১০ দশমিক ৫৩ শতাংশ।

রংপুর বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১৬২ জন বা ৯ দশমিক ৯১ শতাংশ। রাজশাহী বিভাগ থেকে ১৫৪ জন বা ৯ দশমিক ৪৩ শতাংশ এবং খুলনা বিভাগ থেকে ১০৮ জন বা ৬ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

আট বিভাগের মধ্যে সবচেয়ে কম শিক্ষার্থী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগ থেকে। ছয় জেলা নিয়ে গঠিত এ বিভাগ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন ৫৩ জন শিক্ষার্থী, যা মোট ভর্তির ৩ দশমিক ২৪ শতাংশ।

সার্বিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, শাবিপ্রবিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ সিলেট বিভাগের বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছে। ফলে ভৌগোলিকভাবে সিলেটে অবস্থিত হলেও দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীসমাজ ক্রমেই আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর