সুনামগঞ্জ-৫ আসন : সব প্রস্তুতি শেষ করে এখন নজর ভোটার উপস্থিতিতে

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

সুনামগঞ্জ-৫ আসন : সব প্রস্তুতি শেষ করে এখন নজর ভোটার উপস্থিতিতে

ছাতক প্রতিনিধি
আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণা শেষ হওয়ার পর এখন সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে প্রার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভোটারদের কেন্দ্রমুখী করা। প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটের হিসাব-নিকাশ ও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে পাঠানো ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সকল সরঞ্জাম ইতোমধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে দুই উপজেলা পরিষদের হলরুম থেকে ১৭০টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রের ব্যালট বাক্স, ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম বুঝে নিয়ে যান। প্রতিটি গাড়িতে নির্বাচনী সামগ্রী বহনের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরাও নিজ নিজ দায়িত্বস্থলের উদ্দেশ্যে রওনা হন। কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তায় পৃথক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে উপজেলা কন্ট্রোল রুমে সাতজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া উপজেলা ও পৌরসভা এলাকায় চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পুলিশের স্ট্রাইকিং ফোর্স, সেনাবাহিনী ও বিজিবির মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করবে। পাশাপাশি পুলিশের একাধিক মোবাইল টিমও দায়িত্ব পালন করবে।
এ আসনে দলীয় প্রতীকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন, দাড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী, দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আজিজুল হক নির্বাচনে অংশ নিয়েছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠের পরিস্থিতি বিবেচনায় মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ৬২০ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার এবং তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন। দুটি উপজেলার ২২টি ইউনিয়নে মোট ১৭০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সব প্রস্তুতি শেষ হলেও এখন নজর ভোটার উপস্থিতির দিকে। প্রার্থীদের পক্ষে কর্মী-সমর্থকরা সর্বস্তরের জনগণকে ভোটকেন্দ্রমুখী করতে কাজ করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এমনটাই আশা প্রশাসন ও ভোটারদের।

সর্বশেষ ২৪ খবর