ঢাকা |
প্রকাশিত: 5:37 PM, November 22, 2019
ডেস্ক প্রতিবেদন : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সন্তানদের জন্য খাবার আনতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত বাংলাদেশি হিরণ আলী মারা গেছেন। বৃহস্পতিবার রাত বাংলাদেশ সময় ১১টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত হিরন আলী সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। তিনি এক মেয়ে ও এক ছেলের জনক। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে লন্ডনে বসবাস করে আসছিলেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নেলসন স্ট্রিটে গুলিবিদ্ধ হন তিনি। অজ্ঞাত ঘাতকদের এখনো চিহ্নিত করা যায়নি। পরিবার জানায়, মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। মাথায় গুলি লেগে তখনই হিরনের ব্রেইন ডেমেইজ হয়ে যায় বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তাররা তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে গত দুইদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অক্সিজেন খুলে নিলে কিছুক্ষণেরই মধ্যেই তার মৃত্যু হয়। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, ঘটনার পরপরই নেলসন স্ট্রিট বন্ধ করে রাখা হয়েছে। পুলিশ স্ট্রিটের বাসিন্দা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, এই স্ট্রিটে এ ধরনের ঘটনা আর কখনো ঘটেনি। বৃহস্পতিবার রাত পর্যন্ত এই রাস্তা বন্ধ রাখা ছিল।
নিহত হিরণ আলীর চাচাত ভাই যুক্তরাজ্য প্রবাসী মিছবাহ উদ্দিন জানান, সন্তানদের জন্য খাবার আনতে হিরণ আলী গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে বের হন। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরণ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host