ঢাকা |
প্রকাশিত: 5:33 PM, August 28, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মৃত শিশুদের মধ্যে পাঁচ মাস বয়সী উদ্ভব বিশ্বাস ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা নকুল বিশ্বাসের ছেলে। ১১ মাস বয়সী হুমায়ারা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ছমির উদ্দিনের ছেলে। তারা দুজনই সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
অন্যদিকে, নয় মাস ১১ দিন বয়সী আদিল সিলেট সদর উপজেলার ফকরুল ইসলামের ছেলে। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
সিলেট স্বাস্থ্য বিভাগের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ১২৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫১ জনের মধ্যে ১০ জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। অপর ১৪১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ৩১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host