ঢাকা |
প্রকাশিত: 3:42 PM, May 18, 2019
নিজস্ব প্রতিবেদন
সেবা গ্রহীতাদের ভোগান্তির অবসান ঘটিয়ে এবার অত্যাধুনিক সিটিস্ক্যান মেশিনে সেবা দিতে চলেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সেবার হার বৃদ্ধিতে হাসপাতালে যুক্ত করা হয়েছে একটি অত্যাধুনিক কোবাল্ট ৬০ সিটিস্ক্যান।
সিলেট বিভাগের সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হওয়া অত্যাধুনিক সিটিস্ক্যান মেশিনটি শনিবার উদ্বোধন করা হয়। সেই সাথে একটি নতুন এমআরআই মেশিন ও হাসপাতালের আনসার ক্যাম্পেরও উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
ওসমানী হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে রোগ নির্ণয়ের এমআরআই (ম্যাগনেটিক রিসোন্যান্স ইমেজিং) ও সিটিস্ক্যান মেশিন প্রায় তিন বছর ধরে বিকল অবস্থায় ছিলো। ২০১৬ সালের জুনের দিকে নষ্ট হয়ে পড়ে মেশিন দুটি। ফলে বিপাকে পড়তে হয়েছে এই হাসপাতালে রোগনির্ণয়ে আসা রোগীদের। উচ্চমূল্যে বাইরের বেসরকারি রোগনির্নয় কেন্দ্র থেকে এসব পরীক্ষা করাতে হতো তাদের। নতুন এমআরআই ও সিটিস্ট্যান মেশিন চালু করায় রোগীদের এই দুর্ভোগ দূর হবে বলে মনে করছেন সংশ্লিস্টরা।
শনিবার সকালে মেশিন দুটির উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চাপ কমাতে সিলেটে ২৫০ শয্যা বিশিষ্ট আরো একটি হাসপাতাল নির্মানের কাজ শুরু হয়েছে।
মোমেন বলেন, ওসমানী হাসপাতাল ৯০০ শয্যার, কিন্তু এ হাসপাতালে সবসময় রোগী ভর্তি থাকেন ২ হাজার ৪০০ জন। এছাড়া রয়েছে ডাক্তার ও নার্স সংকট। ফলে অনেকসময় কাঙ্খিত সেবা পাওয়া যায় না।
তিনি বলেন, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় প্রাচীন ভবন আবু সিনা ছাত্রাবাসের জায়গায় নির্মাণাধীন সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ শেষে হলে ওসমানীতে রোগীর চাপ কিছুটা কমবে।
অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেটের স্বাস্থ্য পরিচালক দেবপদ রায়, সিলেট মহানগর পুলিশের কমিশনার এসএম গোলাম কিবরিয়া, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, অধ্যক্ষ ময়নুল হক, বিএমএ সিলেটের সভাপতি ডা. রুকন উদ্দিন আহমদ, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ চৌধুরী, নার্সিং অ্যাসোসিয়েশন ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host