নগরের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে : মেয়র আরিফ

প্রকাশিত: 2:10 PM, June 25, 2019

নগরের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে : মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্য নিয়ে আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ন্যায্যতা ভিত্তিক ও সমানভাবে প্রত্যেকটি এলাকার উন্নয়নে অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে।

তিনি মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নগরের একটি হোটেলে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান।

সিসিকের কর কর্মকর্তা চন্দন দাশের পরিচালনায় প্রাক বাজেট অনুষ্ঠানে মেয়র আরো বলেন, নগরের সড়ক, রাস্তা, ড্রেন, পানি সরবরাহ নিশ্চিতকরণ, যানজট নিরসনসহ সর্বোপরি সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে সমতার ভিত্তিতে কাজ করা হবে।

সভায় নগরের উন্নয়নে কথা তুলে ধরে মেয়র বলেন, জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরের ভাঙা রাস্তার সংখ্যা কমে এসেছে। এভাবে অন্যান্য সমস্যাও কমিয়ে আনার চেষ্টা করছি। তিনি বলেন, নগরে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। চলমান কাজ শেষ হলে নগর একটি আধুনিক, পর্যটন নগর হিসেবে গড়ে উঠবে।

প্রাক বাজেট আলোচনায় ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট জুলাই মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা করার কথাও জানান মেয়র। এবারের বাজেটে আবাসিক কর, ব্যবসা করসহ বিভিন্ন কর বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রাক বাজেট আলোচনা সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও অর্থ কমিটির চেয়ারম্যান
তাকবিরুল ইসলাম পিন্টু, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর