তিন সম্ভাব্য স্থান পরিদর্শন, সরকারি খাস জমিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা
দক্ষিণ সুরমায় হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: 12:43 AM, August 30, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>তিন সম্ভাব্য স্থান পরিদর্শন, সরকারি খাস জমিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা</span> <br/> দক্ষিণ সুরমায় হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার দক্ষিণ সুরমায় স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। ইতোমধ্যে ২০১টি উপজেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্পের কাজ শেষ হয়েছে, কিছু প্রকল্পের কাজ চলমান এবং কিছু প্রকল্প ভূমি অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে। অধিগ্রহণ কার্যক্রম শেষ হলে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কাজ শুরু হবে।

তিনি জানান, দক্ষিণ সুরমায় স্টেডিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। স্থানগুলো যাচাই-বাছাই করে স্থানীয় জনগণের জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গাটি নির্বাচন করা হবে।

মো. আমিনুল হক বলেন, এমন স্থান নির্বাচন করা হবে, যেখানে দর্শকরা সহজে এসে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন এবং খেলোয়াড়দের জন্যও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, দক্ষিণ সুরমায় শুধু মিনি স্টেডিয়াম নয়, বরং একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ ধরনের স্টেডিয়াম নির্মাণে প্রায় পাঁচ থেকে ছয় একর জায়গার প্রয়োজন হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্টেডিয়াম নির্মাণে সরকারের ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ জন্য সরকারি খাস জমি পাওয়া গেলে সেখানে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় কমানো সম্ভব হবে।

তিনি জানান, সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই শেষে উপযুক্ত জায়গা নির্বাচন করে দ্রুত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হবে।

স্থান পরিদর্শনকালে সংসদ সদস্য এম এ মালিক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুদ্দোজা সেলিম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা এবং দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর